স্টাফ রিপোর্টার, সাঘাটা (গাইবান্ধা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি এ্যাডভোকেট নাজেমুল ইসলাম প্রধান নয়ন। দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি প্রতিনিয়ত জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ৮ অক্টোবর ২০২৫, বুধবার সাঘাটার কামালের পাড়া ইউনিয়নের বারকোনা বাজার, ফলিয়া দিগর বটতলা বাজার ও কামালের পাড়া বাজারে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এলাকার সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের নানা সমস্যা মনোযোগ দিয়ে শোনেন।
তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, “আমি নির্বাচিত হলে সাঘাটা ও ফুলছড়ির দীর্ঘদিনের বন্যা ও নদীভাঙন সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেব। কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানের টেকসই সমাধানে কাজ করব। জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”
উল্লেখ্য, এ্যাড. নয়ন ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি গাইবান্ধার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন। জনগণের দুঃসময়ে পাশে থেকে তিনি একজন দায়িত্বশীল সমাজকর্মী হিসেবেও পরিচিতি লাভ করেছেন।
বাজারে উপস্থিত অনেক ভোটার জানান, “নয়ন প্রধান সবসময় মানুষের পাশে ছিলেন, আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। আমরা তাকে আমাদের আসনের যোগ্য প্রতিনিধি হিসেবে দেখতে চাই।”
দলীয় সূত্রে জানা গেছে, এ্যাড. নয়ন আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে আরও ব্যাপকহারে প্রচার-প্রচারণা চালিয়ে জনগণের দাবি ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, উন্নত এবং দুর্নীতিমুক্ত সাঘাটা-ফুলছড়ি গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
Reporter Name 


















