সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান। এ সময় তিনি, নদী ভাঙনের শিকার এলাকাবাসীর মধ্যে ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেন।
আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে তিনি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ বেশকিছু শুকনা খাবার বিতরণ করেন।
পরে নদী ভাঙন কবলিত এলাকাবাসীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, হাটশেরপুর ইউপি চেয়ারম্যান নূর মো. মেহেদী হাসান আলো, উপ-সহকারী প্রকৌশলী (পিআইও) জাহিদুর রহমান প্রমুখ। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা ইউএনওকে কাছে পেয়ে নিজেদের কষ্টের কথা জানান এবং নদীভাঙন রোধে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের কথা জানতে পেরে আপনাদের কাছে এসেছি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে। এছাড়া নদী ভাঙনের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। নদী ভাঙন রোধে জরুরিভিত্তিতে কাজ শুরু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে। আশা করছি, এখানে কিছু জরুরি কাজ করা হবে।
Reporter Name 


















