সাঘাটা (গাইবান্ধা) প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার নারী উদ্যোক্তাকে (৩৫) ধর্ষণ ও পর্নোগ্রাফির মামলায় অভিযুক্ত পল্লী চিকিৎসক আব্দুল আজিজ খোকনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন গাইবান্ধা জেলা আদালত।
সোমবার (২০ অক্টোবর) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে উচ্চ আদালতের আদেশে অভিযুক্ত কিছুদিন জামিনে ছিলেন। পরবর্তীতে নিম্ন আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত মামলার গুরুত্ব, অভিযোগের প্রকৃতি এবং সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে জামিন মঞ্জুর না করার সিদ্ধান্ত নেন।
মামলার পটভূমি
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং উল্যাবাজারের ‘সেফা মেডিকেল স্টোর’-এর মালিক আব্দুল আজিজ খোকন (৪১) বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারী উদ্যোক্তাকে ধর্ষণ করে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত খোকন গোপনে ভুক্তভোগীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এ ঘটনায় ভুক্তভোগী গত ৯ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয় ১৪/৩৩৫ নম্বরে।
আদালতের রায়ের প্রতিক্রিয়া
আদালতের নির্দেশনায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ওই নারী উদ্যোক্তা। তিনি বলেন, “আমি আদালতের প্রতি কৃতজ্ঞ। এই রায়ের মাধ্যমে প্রাথমিকভাবে ন্যায়বিচারের একটা দিক উন্মোচিত হয়েছে। আশা করি, ন্যায়বিচারের পুরো প্রক্রিয়ায় দোষীর কঠোর শাস্তি নিশ্চিত হবে।”
Reporter Name 


















