সুলতান আহম্মেদ স্টাফ রিপোর্টার (সাঘাটা) গাইবান্ধাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা-৩৩ (সাঘাটা ও ফুলছড়ি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নাজেমুল ইসলাম ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ইতোমধ্যে তিনি তার প্রণীত ৩১ দফা জনকল্যাণমূলক কর্মসূচি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন এবং ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, এডভোকেট নাজেমুল ইসলাম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ পরিচালনা করছেন। প্রচারণাকালে তিনি বিএনপির প্রতীক ধানের শীষে ভোট ও দোয়া প্রার্থনা করেন এবং এলাকার জনগণের পাশে থেকে সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এডভোকেট নাজেমুল ইসলাম বলেন, “বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের অধিকার পুনরুদ্ধার করতে রাজপথে নেমেছি। ইনশাআল্লাহ, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, আমার প্রণীত ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য হলো— শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, নদীভাঙন রোধ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধি। জনগণের দোয়া ও সমর্থন পেলে গাইবান্ধা-৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করতে চাই।”
এ সময় কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অওলাদ হোসেন লেবু, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী, তরুণ সমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এডভোকেট নাজেমুল ইসলামের এই নির্বাচনী কার্যক্রমে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তার ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 


















