মনিরুজ্জামান জাহিদ, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
পরে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, সারিয়াকান্দি মডেল প্রেসক্লাব, জাতীয় অনলাইন প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মীর কাওছার হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, ফায়ার স্টেশন মাস্টার সুজন মিয়াসহ বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন।
অনুষ্ঠান শেষে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস তাঁর বক্তব্যে বলেন, “আজ ১৬ ডিসেম্বর—মহান বিজয় দিবস। এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল অধ্যায়। বাঙালি জাতির জাতীয় জীবনে এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে অকুতোভয় মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।”
তিনি আরও বলেন, “এ দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদগণ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত যোদ্ধা এবং নির্যাতিত মা-বোনদের—যাঁদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি এই মহান স্বাধীনতা।”
এছাড়াও দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
সারিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
-
Reporter Name - ০২:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- ১৫৫
Tag :
জনপ্রিয়



















