সোনাতলা সংবাদ ডেস্ক: গাইবান্ধার সাঘাটা সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজের বহুল প্রতীক্ষিত একাডেমিক ভবন নির্মাণ কাজ দীর্ঘসময় ধরে বন্ধ থাকায় চরম সংকটে পড়েছে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। প্রায় সাড়ে ১৫ কোটি টাকা বরাদ্দের এই প্রকল্পটি বাস্তবায়নের অভাবে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বাড়ছে হতাশা ও ক্ষোভ ।
গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বোনারপাড়া-ভরতখালীসড়কের পাশে নির্মাণাধীন সাঘাটা সরকারি পলিটেকনিক স্কুল এন্ড কলেজ ভবন নির্মাণের কাজ ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ঢালী কনস্ট্রাকশন শুরু করে। নির্মাণ কাজের ব্যয় বরাদ্দ হয় ১৫ কোটি ৪৭ লাখ ৪৬ হাজার টাকা। ২০২৩ সালের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত করা কথা থাকলেও নির্ধারিত
সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। এরই একপর্যায়ে ২০২৪ সালের প্রথমদিকে মাঝ পথে নির্মাণ কাজ ফেলে রেখে হঠাৎ নির্মাণ সামগ্রী নিয়ে উধাও হয়ে যায় প্রতিষ্ঠানটি।
গাইবান্ধা জেলা শিক্ষা প্রকৌশলী আশিশ কুমার রায় বলেন, আগের ঠিকাদার ৬৭ ভাগ কাজ করার পর, বাকি কাজ ফেলে চলে গেছেন। পরে আর ফিরে না আসায় নতুন ঠিকাদারের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে । ওয়ার্কঅর্ডার জারি হলে অবিলম্বে কাজ শুরু হবে। শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। কখনো খোলা জায়গায় বা অস্থায়ী কক্ষে পাঠদান চালাতে হচ্ছে। যা পড়াশোনার মনোযোগকে ব্যাহত করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, আমি যোগদানের আগে থেকেই ভবনের নির্মাণ কাজ বন্ধ দেখেছি। ভবনের কারণেই শিক্ষার অচল অবস্থা কাটছে না।
Reporter Name 


















