সোনাতলা সংবাদ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নির্বাচনি মাঠে ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মালতীনগরস্থ বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে ১৬ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান।
একটি পেশাদার শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবি সম্পূর্ণ নিরেপেক্ষ থেকে সরকার, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে মাঠ পর্যায়ে কাজ করবে।
বিজিবি সকল দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিতের জন্য সহায়ক ভূমিকা পালন করবে যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়। ভোটারা যেন ভয়হীন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এজন্য বিজিবি অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে তাদের দায়িত্ব পালন করছে। ভোটার যাতে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য বিজিবি তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার দু’টি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে সর্বমোট ৩৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের রয়েছে। এরমধ্যে শুধুমাত্র বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
দায়িত্বপূর্ণ এলাকায় ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়েছে। নির্বাচনকালীন যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদর দপ্তরে র্যাপিড অ্যাকশন টিম (র্যাট) এবং বিজিবি’র হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে, যারা মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি, সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানান বিজিবি’র এই কর্মকর্তা।
Reporter Name 


















