স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ফুলবাড়ি ইউনিয়নে আয়োজিত বিএনপির এক নির্বাচনী পথসভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বগুড়া জেলা কমিটির সহসভাপতি ও সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ মোকছেদুল আলম। তাঁর সঙ্গে প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী রফিকুল ইসলাম। তিনি জাতীয় পার্টি থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর এ আজম বাবু, সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম লিপন, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি।
Reporter Name 


















