সোনাতলা সংবাদ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলা কারাগারের ৭০ জন হাজতি ও কয়েদি পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা কারাগারের জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী ছয় দিন ধরে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করা হয় এবং রোববার বিকাল ৫টার মধ্যে তা সম্পন্ন হয়। ভোটগ্রহণ সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
কারাগার সূত্রে জানা যায়, বর্তমানে বগুড়া জেলা কারাগারে মোট এক হাজার ৯১৮ জন হাজতি ও কয়েদি রয়েছেন। বন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর কারাগারের ভেতরে এ বিষয়ে অবহিত করা হয়। এতে আগ্রহ প্রকাশ করে ৮০ জন বন্দি ভোটার হিসেবে নিবন্ধন করেন।
নিবন্ধনকৃত বন্দিদের মধ্যে চারজন মুক্তিলাভ করায় ভোটের তালিকা থেকে বাদ পড়েন। এছাড়া একজন বন্দির মৃত্যু হয় এবং একজন ভোট দিতে অনাগ্রহ প্রকাশ করেন। ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে দুইজনের ভোট গ্রহণ সম্ভব হয়নি। পাশাপাশি আরও দুইজন বন্দিকে অন্য কারাগারে স্থানান্তর করা হলে তারাও ভোট দিতে পারেননি। সবশেষে ৭০ জন বন্দি সফলভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।
গত ৩ ফেব্রুয়ারি থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় ৮ ফেব্রুয়ারি বিকাল ৫টায়।
কারাগারে প্রায় দুই হাজার বন্দি থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে কম সংখ্যক নিবন্ধন প্রসঙ্গে জেল সুপার ফারুক আহমেদ বলেন, ভোট দেওয়া সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কাউকে ভোট দিতে বাধ্য করা যায় না।
Reporter Name 

















