সময়ের সংবাদ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, জনগণ ভোটের মাধ্যমে বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছে। এই আস্থার মর্যাদা রক্ষা করা এখন দল ও নেতাকর্মীদের প্রধান দায়িত্ব। তিনি বলেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দেশ গড়ার এই সময়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বিজয় উদযাপনে সংযম প্রদর্শনের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান। ভিন্নমত থাকা স্বাভাবিক হলেও জাতীয় স্বার্থে ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের প্রত্যাশা পূরণে ইতিবাচক ও গঠনমূলক পদক্ষেপ নেবে।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া জোটসঙ্গীরা পেয়েছে আরও তিনটি আসন।
সংবাদ সম্মেলনের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান।
Reporter Name 

















