সোনাতলা সংবাদ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বগুড়া জেলা যুগ্ম সদস্যসচিব মিজানুর রহমান সাগরকে অর্থ আত্মসাৎ, হামলা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, রুবেল প্রামাণিক নামে এক ব্যক্তি গত ৩০ আগস্ট রাতে সরকারি আজিজুল হক কলেজের সামনে অবস্থান করছিলেন। এ সময় মিজানুর রহমান সাগরসহ চার থেকে পাঁচজন মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক কলেজের অডিটোরিয়ামের পেছনে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৮ হাজার ৩০০ টাকা এবং ব্যাংক হিসাবে থাকা আরও ২২ হাজার ৮০০ টাকা স্থানান্তর করে নেওয়া হয় বলেও মামলায় বলা হয়েছে। এ ঘটনায় রুবেল প্রামাণিক বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ব্যবসায়িক বিরোধের জেরে হামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে বগুড়া জেলা এনসিপির সভাপতি ইঞ্জিনিয়ার এসএমএ মাহমুদ বলেন, মিজানুর রহমান সাগর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব পদে আছেন, তবে কেন্দ্রে তার কোনো পদ নেই। তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি সংগঠনের জানা ছিল না। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 


















