সোনাতলা সংবাদ ডেস্ক: প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–এর সভাকক্ষে জামুকার সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের নির্ভুল ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সভায় মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা সমীচীন নয়। তিনি জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অপব্যবহার হয়েছে, যার ফলে তরুণ প্রজন্মের একটি অংশ প্রকৃত ইতিহাস থেকে দূরে সরে গেছে।
মন্ত্রী আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, তিতিক্ষা ও আত্মদানের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের অনেকের কাছেই স্পষ্ট নয়। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।”
মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্যবৃন্দ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি উদ্যোগে মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ ও যাচাই প্রক্রিয়া জোরদার হলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে ইতিবাচক অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Reporter Name 


















