রায়হান রানা, গাবতলী (বগুড়া): বগুড়ার গাবতলী পৌরসভায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে বাজারমূল্যের চেয়ে কম দামে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ৩নং ওয়ার্ডের গাবতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম-এর উদ্যোগে এবং তাঁর প্রতিষ্ঠান সায়মা এগ্রো ফার্মের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এই কার্যক্রম বাস্তবায়ন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সারা রমজান মাসজুড়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। নির্ধারিত মূল্য অনুযায়ী দুধ প্রতি কেজি ৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা এবং ডিমের হালি ৩০ টাকায় বিক্রি করা হবে।
সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, “রমজান মাসে সাধারণ মানুষের খাদ্য ব্যয় কিছুটা লাঘব করতেই আমাদের এই উদ্যোগ। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কথা বিবেচনা করেই কমমূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকলে স্বল্প আয়ের মানুষ উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।
Reporter Name 


















