মুহাম্মাদ আবু মুসা: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বগুড়া জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) সক্রিয়ভাবে অংশ নেয়। র্যালির মাধ্যমে সাক্ষরতার গুরুত্ব, শিক্ষার প্রসার এবং জ্ঞানভিত্তিক ও সচেতন সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান। সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের ক্ষমতায়ন, সচেতনতা বৃদ্ধি, দক্ষতা অর্জন এবং একটি টেকসই ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি হলো সাক্ষরতা। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সাক্ষরতার বিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে গাকের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আশরাফ আলীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
সাক্ষরতার মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করার প্রত্যয় ব্যক্ত করে গাক কর্তৃপক্ষ জানায়, শিক্ষা, সাক্ষরতা ও মানবসম্পদ উন্নয়নে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 


















