স্টাফ রিপোর্টার- বগুড়ার সোনাতলায় স্কুলগামী কয়েক শিক্ষার্থীকে বহনকারী অটোভ্যানের পথরোধ করে লাঠি ও লোহার হাতুড়ি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থী মো. সিয়াম (১৬) সোনাতলা থানায় তিনজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সিয়াম তার সহপাঠী মো. ইনাম (১৪), মো. আনন্দ (১৪), মো. রিয়ান (১৩), মো. ইমান্ত (১৪)সহ কয়েকজন শিক্ষার্থী পরিচিত মো. মারুফের অটোভ্যানে করে হুয়াকুয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে যাচ্ছিল। পথে হুয়াকুয়া চিড়ার মিলের মোড়ে পৌঁছালে মো. বিপুল মিয়া (৩০), মো. শরিফুল (৩৫) ও মো. শাহিন মিয়া (৩৬) অটোভ্যানটির পথরোধ করে শিক্ষার্থীদের ঘিরে ধরেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, একপর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা ও লোহার হাতুড়ি দিয়ে অটোভ্যানে থাকা শিক্ষার্থীদের মারধর শুরু করেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গেলেও সিয়ামসহ আকন্দ ও রিহান নামে আরও দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখম হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
শিক্ষার্থীদের রক্ষা করতে অটোভ্যান চালক এগিয়ে এলে তাকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করার অভিযোগ করা হয়েছে। পরে সিয়ামের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ঘটনার পর অভিযুক্তরা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন সিয়াম। ভবিষ্যতে রাস্তাঘাটে আবারও মারধর করে গুরুতর জখম করার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. হাবিবুর রহমান, মো. হারুনসহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তবে শিক্ষার্থীদের মারধরের অভিযোগে অভিযুক্ত তিনজনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Reporter Name 
















