স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে প্রথমে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বগুড়ার সোনাতলা উপজেলার শাহবাজপুর হিন্দুপাড়ার গৌতম চন্দ্র মহন্তের ছেলে অপূর্ব কুমার মিলন (২২), মন্ডমালা এলাকার মশিউর রহমানের ছেলে শামিরুল ইসলাম সিজান (২১) এবং চমরগাছা এলাকার মঞ্জুর মিয়ার ছেলে লাবিব হোসেন জিহাদ (২১)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
পুলিশ জানায়, রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ডিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় অপূর্ব কুমার মিলনের পরনের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিনটি নীল রঙের এয়ারটাইট প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৬০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট ছিল। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
অপর আটক শামিরুল ইসলাম সিজানের শরীরে তল্লাশি চালিয়ে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লাবিব হোসেন জিহাদকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Reporter Name 
















