এম আব্দুর রাজ্জাক, ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আব্দুল হালিম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার রহমান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং আনসার-ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমী।
এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক সৌরভ কর্মকার, সদস্যসচিব অভিলাশ বর্মন, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ বাদল মৈত্র, শ্যামল পাল, রাজ কুমার সাহা মিন্টু, কানাই প্রামাণিক ও নিপেন সরকারসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়াতে হবে। মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধের পাশাপাশি ছিনতাই, চুরি এবং অন্যান্য অপরাধ দমনে পুলিশের তৎপরতা জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, পূজামণ্ডপ ও জনসমাগমস্থলে নিয়মিত টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে হবে।
এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন, যাতে সব ধর্মের মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন।
সভা সূত্রে জানা যায়, এ বছর আদমদীঘি উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৬৯টি মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজামণ্ডপ কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকার ওপরও সভায় গুরুত্বারোপ করা হয়।
Reporter Name 
















