ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে দুপচাঁচিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজমিলুর রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) ইফতেখার হোসেন।
সভায় বক্তব্য দেন আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কর্মকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এবং দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল।
এ ছাড়া উপজেলার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধিরা সভায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন হাটখোলা কালী, রাস ও শিবমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস, মহাশ্মশান মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু এবং লক্ষীতলা মন্দির কমিটির সভাপতি রথীন্দ্রনাথ বসাক কালা।
সভায় আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, এ বছর দুপচাঁচিয়া উপজেলার দুটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নে মোট ৪৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এম আব্দুর রাজ্জাক 


















