স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে বগুড়ার সোনাতলা উপজেলার ৫৩টি মন্দির ও পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে বগুড়া জেলা পরিষদ। প্রতিটি মন্দির ও পূজামণ্ডপের জন্য ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় সোনাতলা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে মন্দির ও পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
বগুড়া জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একেএম আহসানুল তৈয়ব জাকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক ও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মৌসুমী হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মোঃ শাহনেওয়াজ।
অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও স্বীকৃতি প্রামাণিক, বালুয়াহাট পূজামণ্ডপের সভাপতি গকুল চন্দ্র সাহা মন্টু, নগরপাড়া পূজামণ্ডপের সদস্য গোবিন্দ চন্দ্র, উপজেলা বিএনপির সহসভাপতি একেএম আহসানুল হাবীব রাজা ও আহসান হাবীব মোহন, বগুড়া বারের সদস্য নুরে আজম বাবু এবং পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেলসহ অন্যরা।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এর আনন্দ ও আবেদন সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এ উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। পূজামণ্ডপগুলোর আয়োজন নির্বিঘ্ন করতে জেলা পরিষদের আর্থিক সহায়তা প্রশংসনীয় উদ্যোগ।
অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধিরা গত বছরের দুর্যোগের সময় তাঁদের পাশে দাঁড়ানোর জন্য জেলা পরিষদের প্রশাসক ও উপজেলা বিএনপির সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁরা বলেন, সংকটের সময়ে পাওয়া সহযোগিতা ও উৎসাহ তাঁদের মনোবল বাড়িয়েছিল এবং কঠিন পরিস্থিতি মোকাবিলায় সাহস জুগিয়েছিল।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, জেলা পরিষদের এ আর্থিক সহায়তা দুর্গোৎসবের আয়োজনকে আরও সুন্দর ও উৎসবমুখর করতে ভূমিকা রাখবে।
Reporter Name 

















