স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনে বগুড়ার সোনাতলা উপজেলার পূজামণ্ডপগুলোতে সংসদ সদস্যের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি পৌরসভার আওতাধীন মন্দিরগুলোতে পৌরসভার পক্ষ থেকে অতিরিক্ত ৬ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এ ছাড়া অসচ্ছল নারীদের মধ্যে বিতরণ করা হয়েছে ২০০টি শাড়ি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সোনাতলা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভা শেষে মন্দিরের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ এবং অসচ্ছল নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, সাংগঠনিক সম্পাদক রাজ্জাকুল ইসলাম রাজ্জাক, সেলিম রেজা বাবলা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আনসার ও ভিডিপির কর্মকর্তা এবং উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গাপূজার আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি অসচ্ছল নারীদের মধ্যে শাড়ি বিতরণের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ সহায়তা পূজামণ্ডপগুলোর আয়োজন এবং অসচ্ছল মানুষের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Reporter Name 

















