স্টাফ রিপোর্টারঃ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে বগুড়ার সোনাতলা কেন্দ্রীয় রাম নারায়ণ বিহানী বারোয়ারী দুর্গামন্দির পরিদর্শন করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা মন্দিরের নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং মন্দির কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সৌজন্য উপহার হিসেবে তাঁদের হাতে এক ঝুড়ি ফল তুলে দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল মন্দিরটি পরিদর্শন করে।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তারা জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থী ও পূজারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
তাঁরা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গোৎসবও সবার অংশগ্রহণে আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হচ্ছে। সম্প্রীতির এই ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রায়হান উদ্দিন মোরাদ, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিবগঞ্জ-সোনাতলা সার্কেল) মো. রবিউল ইসলাম, বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার এবং সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিকাশ স্বর্ণকার, সাধারণ সম্পাদক মনোরঞ্জন সাহা, সাংগঠনিক সম্পাদক গগন পাল, কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিতাই লাল সাহা এবং মন্দির কমিটির অন্যান্য সদস্য।
Reporter Name 


















