সোনাতলা সংবাদ ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় একটি জুট মিলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকের এ ঘটনা ঘটে। পরে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
নর্থ বেঙ্গল গোল্ডেন ফাইবার অ্যান্ড ডাইভারসিফাইট জুট মিলের সুপারভাইজার আরফান আলী বলেন, ‘গতকাল রাত প্রায় সাড়ে ৯টার দিকে মিলে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সংযোগস্থলে ব্যারেল (ডিওএফসি) বিস্ফোরণ হয়ে বৈদ্যুতিক তারে আগুন লাগে। পরে তা গুদামের ভেতরের পাটের ওপর পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমাদের শ্রমিকসহ আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গুদামে রক্ষিত বেশিরভাগ পাট পুড়ে যায়।’
ক্ষতিগ্রস্ত জুট মিল মালিক সুভাষ প্রসাদ কানু বলেন, ‘সম্ভবত বৈদ্যুতিক খুঁটির সংযোগস্থল থেকে বিস্ফোরণের কারণে এ আগুন লাগতে পারে। এ অগ্নিকাণ্ডে গুদামে রক্ষিত ৪৫০ টন পাটের বেশির ভাগই পুড়ে গেছে। এতে আমার প্রায় তিন কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।‘
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া স্টেশনের সাব-অফিসার সুলতান আহম্মেদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট, কাহালু স্টেশনের দুটি ইউনিট এবং বগুড়া সদর স্টেশনের একটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদন্তের পরই জানানো যাবে।’
০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
দুপচাঁচিয়ায় জুট মিলের গুদামে আগুনঃ ৩ কোটি টাকার পাট ভস্মীভূত
-
Reporter Name - ০৩:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- ১৬৫
Tag :
জনপ্রিয়



















