বগুড়া প্রতিনিধিঃ সরকারের পদত্যাগের একদফা দাবিতে বগুড়ায় পদযাত্রা করেছে ইউনাইটেড লইয়ারস ফ্রণ্ট। পদযাত্রায় আইনজীবী নেতারা ঘোষণা দেন তারেক রহমান ছাড়া আগামীর নির্বাচন হবে না।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলা জজ কোর্টের সামনে থেকে এই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের আদালত চত্বরে এসে সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আলী আজগর। সঞ্চালনায় ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।
এ সময় ইউনাইটেড লইয়ারস ফ্রন্টের প্রধান সমন্বয়ক, বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বক্তব্য রাখেন।
সমাবেশে জানান, আজকে সারা বাংলাদেশের আইনজীবী সমাজ একমাত্র শেখ হাসিনার আইনজীবী ছাড়া সকল দল-মতের আইনজীবীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। ইউএলএফের নেতৃত্বে আইনজীবী সমাজের সর্বপ্রথম দাবি এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, ভোটাধিকার প্রতিষ্ঠা করা, আইনের শাসন কায়েম করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা খালেদা জিয়ার মুক্তিতে আন্দোলন করা হবে।
ইউনাইটেড লইয়ারস ফ্রন্টের প্রধান সমন্বয়ক বলেন, আইনজীবী সমাজ আজ রাস্তায় নেমেছে, এদেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, শেখ হাসিনাকে বিদায় না দেয়া পর্যন্ত আইনজীবী সমাজ ঘরে ফিরে যাবে না। দেশে আজ আইনের শাসন নেই।
পুলিশের আইজিপিকে উদ্দেশ্য করে কায়সার কামাল বলেন, একটু আগে পুলিশের আইজিপির পোস্টার দেখলাম। লেখা আছে বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে আপনার পাশে। আমি জানি বগুড়া জেলায় এমন কোনো গ্রাম নেই এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে আমাদের আসামি নেই। আইজিপি এই বুঝি তুমি আছো জনগণের পাশে।
বক্তব্যের শেষে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বগুড়ার মাটিতে কথা দিচ্ছি আগামী নির্বাচন তারেক রহমান ছাড়া হবে না, হবে না।
ল’ইয়ারস কাউন্সিল বগুড়া ইউনিটের সহসভাপতি এ্যাড . রিয়াজ উদ্দিন বলেন, আমরা দেখেছি গণতন্ত্র নেই তাই দেশে স্বস্তি নেই। এজন্য আমাদের মৌলিক দাবি কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন করে আগামি দিনে গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করতে চাই। পদযাত্রায় উপস্হিত ছিলেন লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এ্যাড. একেএম রেজাউল করিম খন্দকার,প্রকাশনা সম্পাদক এ্যাড. আব্দুল করিম,বগুড়া আইনজীবী সমিতির সহসভাপতি এ্যাড. সাখোয়াত হোসেন মল্লিক, এ্যাড. নুরুল ইসলাম, এ্যাড. সাইফুল ইসলাম প্রমূখ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেয়া পর্যন্ত গোটা বাংলাদেশের আইনজীবীর রাজপথে আন্দোলন করছে। এই দাবি আদায় করে আইনজীবীরা ঘরে ফিরবে।
Reporter Name 


















