মুনসুর রহমান তানসেন, কাহালু থেকেঃ বগুড়া-৪ আসন কাহালু-নন্দীগ্রামে মোট ৬ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হলেও ভোটারদের মতে মূল লড়াই হবে নৌকা ও ঈগল প্রতিকের মধ্যে। ভোটযুদ্ধে নেমে প্রচার-প্রচারণায় সরব উপস্থিতি সকল প্রার্থীদের। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচারণায় নির্বাচনী এলাকা মুখরিত হয়ে উঠছে। বিএনপি-জামায়াত ও তাদের শরিক ভোট বর্জনের ঘোষণা দিয়ে আন্দোলনে থাকলেও তাদের আন্দোলনের কোন প্রভাব পড়েনি এই আসনে।
নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান ঘুরে লক্ষ্য করা গেছে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের সমর্থন আদায়ে পথসভা ও গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। এই আসনে ভোটযুদ্ধে অবতীর্ণ ১৪ দলীয় জোট প্রার্থী জাসদ নেতা এ, কে, এম রেজাউল করিম তানসেন (নৌকা প্রতিক) , সতন্ত্র প্রার্থী সাবেক এমপি ডাঃ জিয়াউল হক মোল্লা (ঈগল প্রতিক), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাহিন মোস্তফা কামাল ফারুক (লাঙল প্রতিক), সতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সম্পাদক মুশফিকুর রহমান কাজল (ট্রাক প্রতিক), বাংলাদেশ কংগ্রেস প্রার্থী আলোচিত ইউটিউবার আশরাফুল আলম (হিরু আলম) (ডাব প্রতিক) গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিয়ার মুনজুরুল ইসলাম (মেঘ) (কবুতর প্রতিক) নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।
এই আসনে ভোটারদের আলোচনায় উঠে আসে ৬ জন প্রার্থীর মধ্যে ১৪ দলীয় প্রার্থী এ, কে, এম রেজাউল করিম তানসেন এঁর (নৌকা প্রতিক) ও বিএনপি থেকে ৪ বারের নির্বাচিত সাবেক এমপি সতন্ত্র প্রার্থী ডাঃ জিয়াউল হক মোল্লার (ঈগল প্রতিকের) মধ্যে মূল লড়াই হতে পারে। জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল ফারুক ও সতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমান কাজল প্রচার-প্রচারণায় পিছিয়ে নেই। এই চারজন প্রার্থীর পোস্টার ও প্যানায় নির্বাচনী এলাকা ছেয়ে গেছে। তারাও নিজেদের সমর্থন বাড়াতে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। অপরদিকে আলোচিত হিরু আলম ও গণতন্ত্রী পার্টির ইঞ্জিনিয়ার মুনজুরুল ইসলামের প্রচার-প্রচারণা মাইকেই সীমাবদ্ধ। এই দুজন প্রার্থীর পোস্টারও তেমন চোখে পড়েনা নির্বাচনী এলাকায়। প্রচার-প্রচারণার ক্ষেত্রেও অনেকটা পিছিয়ে তারা।
কাহালু-নন্দীগ্রাম উপজেলার ১৪ টি ইউনিয়ন, দুটি পৌরসভা এবং তালোড়া পৌরসভার আংশিক নিয়ে গঠিত বগুড়া-৪ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ২৩৯ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭৩ হাজার ১১০ জন। এখানে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১ হাজার ৮৭১ জন বেশী। এই আসনে মোট কেন্দ্র সংখ্যা ১১৪ টি ও ভোটকক্ষ সংখ্যা ৭৭২ টি।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠ ও শান্তিপূর্ণ করবার লক্ষ্য নিয়ে নির্বাচনী এলাকায় স্থানীয় প্রশাসনের ব্যপক তৎপরতা লক্ষ্য করা গেছে। নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। বিএনপি নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়ে দীর্ঘদিন যাবত আন্দোলনে থাকায় যেকোন পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীকে রাখা হয়েছে সতর্কাবস্থায়। গতকাল বুধবার থেকে শেখাহার উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনী অবস্থান করছেন।
কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোছাঃ মেরিনা আফরোজ জানান, এই আসনে অবাধ-সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। নির্বাচনের দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট, নির্বাচনীভোটগ্রহণ কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনের দায়িত্বে থাকা সকলে কিভাবে দায়িত্ব পালন করবেন তা সবই ঠিক করা হয়েছে এবং ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে নেমেছেন।
০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ:-
বগুড়া-৪ আসনে লড়াই হবে নৌকা ও ঈগল প্রতীকের
-
Reporter Name - ০৩:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- ৩০৭
Tag :
জনপ্রিয়



















