স্টাফ রিপোর্টার: বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে শুধু শিক্ষকদের দায়িত্বশীল হলেই হবে না, অভিভাবকদেরও আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার প্রতি মনোযোগী করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ শহিদুল হক টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুন।
কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপি দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের দল। দেশের বিপুলসংখ্যক মানুষ বিএনপিকে ভালোবাসে। তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মনোযোগ দিয়ে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সাফল্যের মাধ্যমে বিদ্যালয় এবং এলাকার সুনাম আরও বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষার্থীদের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিষয়ে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
Reporter Name 

















