ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বাড়াতে আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা, মাদকবিরোধী র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। এনএসডিএসের সার্বিক ব্যবস্থাপনায় এবং নসরতপুর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের বিতর্কের বিষয় ছিল—‘মাদকাসক্তির জন্য পরিবারের অসচেতনতাই প্রধানত দায়ী।’
নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এনএসডিএসের মহাসচিব আব্দুল আলীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জিললুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম, এনএসডিএসের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, সদস্য নুর রায়হান মুন, আকরাম হোসেন ও আনোয়ার হোসেন এবং জেলা সমন্বয়কারী এম আব্দুর রাজ্জাক।
এ ছাড়া নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কাহালু উপজেলার কালাই কর্ণিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২৫০ জন অনুষ্ঠানে অংশ নেন।
বিতর্ক প্রতিযোগিতায় নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বিপক্ষ দল এবং কাহালু উপজেলার কালাই কর্ণিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় পক্ষ দল হিসেবে অংশ নেয়। সাহারপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যবেক্ষক দলের দায়িত্ব পালন করে।
প্রতিযোগিতার মডারেটর ছিলেন আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক মো. শামসুল আলম, সিনিয়র শিক্ষক নাজিম উদ্দিন ও নেহেরুল ইসলাম।
প্রতিযোগিতায় নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং কালাই কর্ণিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। বিপক্ষ দলের শিক্ষার্থী মোস্তারিমা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
অনুষ্ঠানে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পরে এনএসডিএসের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিবন্ধী, মেধাবী, সর্বোচ্চ উপস্থিতি ও হতদরিদ্রসহ মোট ১৮০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Reporter Name 

















