নিজস্ব প্রতিবেদক: ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোনাতলা উপজেলার কর্পূর বাজারে উদ্বোধন করা হয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা সহজে ব্যাংকিং সেবা গ্রহণের পাশাপাশি দেশ-বিদেশ থেকে অর্থ পাঠানো এবং প্রিয়জনের কাছে টাকা পৌঁছে দেওয়ার সুবিধা পাবেন। গ্রাহকদের সুবিধার্থে রয়েছে হোম ডেলিভারি ব্যবস্থাও।
বৃহস্পতিবার (৮ আক্টোবর) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমের বাবা তোজাম্মেল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কর্পূর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লাল মিয়া মণ্ডল, ব্যাংক এশিয়ার শাহরিয়ার পলক, এ কে তৌহিদুল আহমেদ বাবু, কর্পূর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আল মামুন, সবুজ মণ্ডল, আবু মুসাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী নেতারা।
এ ছাড়া কর্পূর ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের কর্ণধার এ কে তৌফিকুল হাসান ও তরিকুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। দেশের বিভিন্ন প্রান্তে কিংবা বিদেশে কর্মরত প্রবাসীরা এ সেবার মাধ্যমে সহজেই তাঁদের পরিবারের সদস্য ও স্বজনদের কাছে অর্থ পাঠাতে পারবেন। পাশাপাশি হোম ডেলিভারি সুবিধা গ্রাহকদের জন্য বাড়তি স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।
কর্পূর বাজারে এজেন্ট ব্যাংকিং সেবা চালুর ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও প্রবাসী পরিবারের সদস্যরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা মনে করেন, এ উদ্যোগ এলাকার মানুষের আর্থিক লেনদেনকে আরও সহজ, গতিশীল ও সেবাবান্ধব করতে ভূমিকা রাখবে।
Reporter Name 


















