কাহালু (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালু বাজারের পরিচিত পল্লী চিকিৎসক ও পলি মেডিক্যাল স্টোরের স্বত্বাধিকারী বাদল চন্দ্র সরকার আর নেই। শনিবার (১০ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বগুড়ার টিএমএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সৎ, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে পরিচিত বাদল চন্দ্র সরকারের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাদল চন্দ্র সরকার কাহালু উপজেলার মুরইল এলাকার সুপরিচিত কবিরাজ প্রয়াত প্রফুল্ল চন্দ্র সরকারের ছেলে। প্রফুল্ল চন্দ্র সরকার ও তাঁর তিন ছেলে দীর্ঘদিন ধরে কাহালু বাজারে ওষুধের ব্যবসা এবং পল্লী চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মধ্যে বাদল চন্দ্র সরকার ও তাঁর ভাই রতন চন্দ্র সরকার পল্লী চিকিৎসক হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেন। তাঁদের ছোট ভাই দুলাল চন্দ্র সরকারও দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, প্রফুল্ল চন্দ্র সরকার ও তাঁর ছেলেরা আন্তরিকতা, ভালো ব্যবহার এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে সমাদৃত ছিলেন। বিশেষ করে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে বাদল চন্দ্র সরকারের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তাঁর মৃত্যুতে কাহালু বাজারের দীর্ঘদিনের পরিচিত একজন পল্লী চিকিৎসককে হারালেন স্থানীয় বাসিন্দারা। বাজারের অনেকেই মনে করছেন, বাদল চন্দ্র সরকারের অনুপস্থিতিতে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে কিছুটা সংকট তৈরি হতে পারে।
একজন সৎ ও বিনয়ী মানুষ হিসেবে এলাকায় পরিচিত বাদল চন্দ্র সরকারের মৃত্যুতে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
Reporter Name 


















