সুলতান আহম্মেদ, স্টাফ রিপোর্টার সাঘাটা (গাইবান্ধা):
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ২১ বছর বয়সী ওই তরুণী সাঘাটা উপজেলার টেপা পদুমশহর গ্রামের বাসিন্দা। শনিবার (১০ অক্টোবর) গোবিন্দগঞ্জে তাঁর বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় সৈকত (২৮) নামের এক যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে সৈকত তাঁকে ভ্যানে করে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যান। এ সময় মুস্তাকিম (২০) নামের আরেক যুবক তাঁর সঙ্গে ছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাত ১০টার দিকে হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে ওই দুই যুবক তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত দুই যুবককে আটক করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয়। পরে বোনারপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের মাধ্যমে তাঁদের সাঘাটা থানায় নেওয়া হয়।
এ ঘটনায় সাঘাটা থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ৬। ভুক্তভোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Reporter Name 


















