গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে উপজেলা আ’লীগের সভাপতি ও সম্পাদকের নিজেদের মর্জি মতে চলছে আ’লীগের কমিটি ভাঙ্গা গড়ার কাজ। আ’লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি নির্দেশনা উপেক্ষা করে গত ২১মে গাবতলীর মহিষাবান ইউনিয়ন আ’লীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা করেন দলটির উপজেলা কমিটি সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু এবং সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনি।
এরপর থেকেই তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। এই অগঠনতান্ত্রিকভাবে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে গত ২৭মে সোমবার গাবতলী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনও করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাফিজার রহমান টোনা বলেন, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ’লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু এবং সাধারণ সম্পাদক এআই ফয়সাল খান জনির পছন্দের আনারস প্রতিকের প্রার্থী রফি নেওয়াজ খান রবিনের পক্ষে কাজ না করায় এবং অনিয়মতান্ত্রিকভাবে গোপনে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির সভাপতি/সম্পাদককে অবগত না করে মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। একই সাথে একটি পকেট আহবায়ক কমিটি গঠন করেছেন তারা। যা গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন।
বার বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি গণমাধ্যমে জানিয়েছেন, বর্তমানে কোন কমিটি ভাঙ্গাও যাবে না এবং নতুন কমিটি গঠন করা যাবে না। এতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনুমতির প্রয়োজন আছে। কিন্তু তারপরও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি ভাঙ্গা-গড়ার ব্যস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগ বিস্মিত। ৯টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই কমিটি বিলুপ্তির ব্যাপারে তীব্র নিন্দা জানিয়েছেন। বিষয়টি তদন্তপূর্বক গাবতলী উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে আহবান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক রেজাউল, ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সাহাদত হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাইকার, ৩নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক খলিল, ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তোতা, সাধারণ সম্পাদক সামাদ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার, ৫নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আঃ রহিম আলী, সাধারণ সম্পাদক তোজাম আলী, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক খায়রুল বাসার মুক্তার, ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি তোফাজ্জল, সাধারণ সম্পাদক আনিছার রহমান, জেলা স্বেচছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি নিকুঞ্জ কুমার পাল, আ’লীগ নেতা আব্দুল ওহাব, মহিষাবান ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ দুদু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিন প্রমুখ।
Reporter Name 





















